আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) অবহেলার কারণে টঙ্গীতে সড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন।
রোববার রাত ৯টা ১৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ নারীর পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের একটি খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, প্রায় ১০ ফুট গভীর পানিভর্তি ম্যানহোলে ঘণ্টাব্যাপী অভিযান চালানো হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং উদ্ধারকাজে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।