আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বিদুৎ শিকদার, পিতা ইউনুছ আলী শিকদার, । তার স্থায়ী ঠিকানা টঙ্গী পূর্ব থানার দওপাড়া, তবে বর্তমানে তিনি সাতাইশ, টঙ্গী পশ্চিম থানায় বসবাস করছেন। তিনি ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
অপরজন মোঃ হারুনুর রশিদ, পিতা মৃত নুরুল ইসলাম। স্থায়ী ঠিকানা মাছিমপুর, টঙ্গী পশ্চিম থানা। তিনি ৫৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এই অভিযান পরিচালিত হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, কিংবা তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)। প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে যথার্থ ও সময়োপযোগী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ অভিযোগ করছেন—এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এ বিষয়ে যুবলীগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।