আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গী বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি ও স্থানীয় সমস্যার সমাধানে ওলামা-মাশায়েখ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। মতবিনিময় সভা শেষে তিনি টঙ্গী বাজারের একটি সড়ক উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) টঙ্গী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম কিরণ।
সভায় উপস্থিত ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ টঙ্গী বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক পরিবেশ, রাস্তাঘাটের উন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার টঙ্গী বাজারের একটি সড়ক উদ্বোধন করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, বাজারের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার হলে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে। পাশাপাশি বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।
টঙ্গী বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবেএমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।