আল আমিন মিয়া, মনোহরদী:
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভার উদ্যোগে শনিবার (৬ জুন ২০২৬) এক সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) জনাব রাশেদ, মনোহরদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহানগীর বাদশা, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল মিয়া, মনোহরদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট হান্নান মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ও পৌরসভার মেয়র প্রার্থী ভিপি মোস্তফা, মনোহরদী থানা প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন নাদিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমাজসেবক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।