লিমন মিয়া, সরিষাবাড়ী( জামালপুর):
জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে আজ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক স্তরসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি স্কুলের শিক্ষকদের অন্যত্র পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের দাবিতে সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করেন বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
মানববন্ধনে বক্তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার ওপর জোর দেন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তারা উল্লেখ করেন, শিক্ষার সমতা নিশ্চিত করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। এছাড়া, সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রেখে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে, যাতে শিক্ষার গুণগত মান বজায় থাকে।
আয়োজকরা আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে একটি জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করার এখনই সময় এসেছে। এই কমিশন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের জন্য সমান সুযোগ এবং বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন। 
মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বারই পটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক মো. মোজাহিদুর রহমান, আবুল হোসেন, আঃ রহিম প্রমুখ।
মানববন্ধন শেষে আয়োজকরা সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার শারমিন আক্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার বৈষম্য দূরীকরণ, সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়।