আল আমিন মিয়া,স্টাফ রিপোর্টার,মনোহরদী, নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের খাড়াব এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. লিটন ভূইয়া (৪৫) একই এলাকার ছামেদ ভূইয়া (৫০)-এর বিরুদ্ধে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির সঙ্গে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির বাবা। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট দুপুরে সে বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা যুক্ত করা হবে।