এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে শুক্রবার রাতে গরুচোর সন্দেহে চার যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় তাদের ব্যবহৃত দুইটি মটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনগণ।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে নবীপুর এলাকা থেকে ১১টি গরু চুরি যাওয়ার পর স্থানীয়রা পালাক্রমে রাত জেগে এলাকা ভিত্তিক গরু পাহারা দিয়ে থাকেন। শুক্রবার রাত তিনটার সময় তারা পাহারা দেওয়ার সময় দুইটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা দিয়ে ১০—১২ জন লোক রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় ঢাকা—কাপাসিয়া—মনোহরদী আঞ্চলিক সড়কে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় গ্রামে গরুচোর ঢুকেছে এমন খবর ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলে এবং চারজনকে আটক করে গণপিটুনি দেয় এবং তাদের দুইটি মটরসাইকেল ও অটো রিক্শায় আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় চার যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। গণপিটুনির শিকার যুবকরা হলেন— তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রফিকুল ইসলাম জুয়েল (৩০), উত্তর খামের গ্রামের রমজান আলীর ছেলে সবুজ মিয়া (২৮), তরগাঁও দক্ষিণপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (৩২) ও কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (৪২)।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, সম্প্রতি ওই এলাকায় গরু চুরির ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। গণপিটুনিতে আহতদের দুইজন এখনো চিকিৎসাধীন রয়েছে আর বাকী দুইজনকে থানায় আটক রাখা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে একটি গরুচুরির মামলা প্রক্রিয়াধীন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।