আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কাশিমপুর এলাকায় এক গার্মেন্টস কর্মজীবী নারী তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোসাঃ মৌসুমি বেগম (৩০), বর্তমানে তিনি কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা রাজারহাট, কুড়িগ্রাম।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী আবু ছায়েদ আলী মন্ডল (৪০), পিতা আব্দুস ছাত্তার মন্ডল ও মাতা রিনা খাতুন। তার স্থায়ী ঠিকানা নওগাঁর পোরশা উপজেলার বেলঘড়ীয়া গ্রাম। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুরের বারেন্ডা মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।
মৌসুমি বেগম জানান, পাঁচ মাস আগে আবু ছায়েদ আলী মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী নানা অজুহাতে ঝগড়া-বিবাদ করে আসছেন। তিনি অভিযোগ করেন, বিয়ের সময় আবু ছায়েদ তার পূর্ববর্তী সংসারের কথা গোপন করেন।
তিনি আরও বলেন, গার্মেন্টসে কাজ করে যা আয় করি সব টাকা স্বামী নিয়ে নেয়, কিন্তু আমাকে কোনো ভরণপোষণ দেয় না। বিভিন্ন সময়ে তিনি স্বামীর হাতে মোট ৮০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার একটি স্মার্টফোন দিয়েছেন বলেও দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর স্বামী বাসায় না ফেরায় ফোনে যোগাযোগ করলে আবু ছায়েদ আলী মন্ডল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তালাক দেওয়ার হুমকি দেন। প্রতিবাদ করলে তিনি মৌসুমিকে খুন করে লাশ গুম করার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর ভয় ও দুশ্চিন্তায় পড়া মৌসুমি বেগম পরিবারের পরামর্শে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কাশিমপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।