এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের শীতল পানিতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল ছোট্ট জুয়েনা। দুপুর গড়ানোর আগেই সেই আনন্দ মুহূর্ত পরিণত হয় এক হৃদয়বিদারক ঘটনায়। নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে প্রাণ হারায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মোছাঃ জুয়েনা আক্তার (৯)।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া জামতলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। জুয়েনা আড়ালিয়া জামতলা এলাকার বাসিন্দা মোঃ জহিরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুয়েনা। একপর্যায়ে অন্যদের সঙ্গে পানিতে ঝাঁপ দিলে সে হঠাৎ গভীর পানিতে চলে যায় এবং মুহূর্তের মধ্যেই স্রোতের নিচে হারিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা চিৎকার করে বিষয়টি জানালে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
নিহতের চাচা কামরুল ইসলাম সেলিম বলেন, “আমার ভাতিজি আরও চারজন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। হঠাৎ করেই সে পানির নিচে চলে যায়। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু তাকে আর খুঁজে পাইনি।”
খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি চালান। পরে কাপাসিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
টোক ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য সিরাজ উদ্দিন বলেন, “খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে আমরাও উদ্ধার কাজে সহযোগিতা করি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, উদ্ধার অভিযান পরিচালনার একপর্যায়ে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে টোক পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় এবং শিশুটির মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
জুয়েনার মৃত্যুতে আড়ালিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যে শিশুটি সকালে বন্ধুদের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে নদীর ঘাটে গিয়েছিল, বিকেলে তার নিথর দেহ ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।