আশিকুর রহমান,নিজস্ব প্রতিবেদক:
আলেম-ওলামা, সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
ইফতার মাহফিলের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গি পূর্ব থানা যুবদল-এর সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় নাজমুল হোসেন মন্ডল উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা ব্যক্তিগত বা পেশাগত কারণে উপস্থিত হতে পারেননি, তাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা রইল।
তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডবাসীর সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। ওয়ার্ডবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, বলেন তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।