এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ‘জাতীয় ফল মেলা ২০২৬’ উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাষ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ফল মেলায় ৮০জন কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জাতের ফল প্রদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন স্বাগত বক্তব্যে স্টলে প্রচলিত ও অপ্রচলিত প্রায় ৮০ ধরনের ফলের জাত, বৈশিষ্ট্য ও পুষ্টিগুণ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবুল কালাম, উপসহকারী (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ মোখলেছুর রহমান খাঁন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত ৩০ জন উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত বিদেশি ফলের মধ্যে উল্লেখযোগ্য রাম্বুটান, আঁশফল, চেরি, করোসল, সাদা জাম, আঙ্গুর, আলু বোখারা, বিভিন্ন বিদেশি জাতের আম যেমন বিশাল আকৃতির ব্রুনাই কিং, চেংমাই, কিউজাই, ব্যানানা ম্যাঙ্গো এবং দেশীয় ফলের বিভিন্ন জাতের মধ্যে স্থানীয় উন্নত জাতের লটকন, সফেদা, অড়বড়ই, আমলকি, আমড়া, গাব, কামরাঙ্গা, বিভিন্ন প্রজাতির লেবু বাতাবি লেবু, আনারস, কাঁঠাল প্রভৃতি ফল প্রদর্শিত হয়। মেলায় প্রদর্শিত বিভিন্ন ফলের মধ্যে প্রায় ৪০ কেজি ওজনের কাঁঠাল ও ২ কেজি ওজনের ব্রুনাই কিং জাতের আম উল্লেখযোগ্য।