কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজের দু’দিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নুরুল ইসলাম নাহিদ (১৪) উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়কাকীয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। নাহিদ স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি করতে গিয়ে জানতে পারেন নাহিদ বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়েছিল। পরে নদীর ঘাটে গিয়ে তার পরনের জামা ও এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে
জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তারা তাকে উদ্ধার করতে পারেনি। ঘটনার দুদিন পর আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে উপজেলা সদরের বলদা ঘাট এলাকায় নদীতে ভাসমান একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মৃতদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা নিশ্চিত করেন এটি নাহিদের মৃতদেহ।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম জানান, উদ্ধার হওয়া মরদেহটি পরে পরিবারের সদস্যরা নুরুল ইসলাম নাহিদের বলে শনাক্ত করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ বিনা মায়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।