বশেমুরবি, ক্যাম্পাস প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (বশেমুরবি), কিশোরগঞ্জ-এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইমান আলী। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফেরদৌস হোসেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বশেমুরবি বিভিন্ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন, কর্মই বলে দিবে আপনার পরিচয়।শিক্ষার্থীদের তিনটি বৈশিষ্ট্য অর্জন,বর্জন ও গর্জনের উপর আলোকপাত করে বলেন, ভালো ও প্রশংসনীয় কাজে সম্পৃক্ত থাকতে হবে, ভালো কিছু অর্জন করতে হবে।মন্দকে বর্জন ও অন্যায়,অবিচারে গর্জন করতে হবে।তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় তোমরা সুনাম বয়ে আনতে ব্যতিক্রম হতে হবে কিন্তু কমন হওয়া যাবে না।এ সময় তিনি শিক্ষার্থীদের সফলতাও কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণার মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস গড়ার আশা ব্যক্ত করেন এবং আদর্শ মানুষ হয়ে দেশের সেবা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইমান আলী, ছাত্র পরামর্শক রোকসানা পারভীন, গণিত বিভাগীয় চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আসমা আক্তার সুমি, সিএসই বিভাগের চেয়ারম্যান স্বপ্নীল বিশ্বাস, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রাকিবুল আলম। প্রক্টোরিয়াল বডির সহকারী প্রক্টর(ভারপ্রাপ্ত) নোশীন তাহসিনসহ স্কাউটের শিক্ষার্থীরা। এছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা হক জেনি অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. তাজুল ইসলাম বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।