সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:
জমির লড়াইয়ে আরও একবার পরাজিত হলো মানবিকতা। নেত্রকোনার পূর্বধলার মেঘশিমুল পশ্চিমপাড়ার যে ফসলি জমি একসময় বোন ছুলেমা খাতুনের শ্রম ও ঘামে সজীব থাকতো, সেখানেই গত রবিবার রচিত হলো এক করুণ ইতিহাস। আট ভাইয়ের আদরের একমাত্র বোন হওয়ার কথা থাকলেও, দিনশেষে সম্পত্তির লোভে সেই ভাইদের হাতেই লাঞ্ছিত হতে হলো তাঁকে।
রবিবার সকালে জমি দখলের নেশায় মত্ত হয়ে আপন ভাই ও ভাতিজারা লোহার রড ও লাঠি নিয়ে ছুলেমা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে নারীদের ওপর চলে অকথ্য নির্যাতন। টেনে ছিঁড়ে নেওয়া হয় কানের দুল, ঝরানো হয় রক্ত। এ হামলায় ছুলেমা ছাড়াও পারুল ও তামান্না নামে আরও দুই স্বজন আহত হন।
৯৯৯-এ কল পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ভাইদের নিরাপত্তার ছায়া হওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধেই এখন থানায় অভিযোগ নিয়ে দাঁড়াতে হয়েছে একমাত্র বোনকে।
এই ঘটনায় ছুলেমান এক ভাই বাদি হয়ে পূর্বধলা থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।