মোহাম্মদ সাদমান হোসাইন সাজিদ, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে এবং রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় “ট্রিজ ফর লাইফ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে ইবি তালিমাতে কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়নরত ইয়াতিম শিশুদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বৃক্ষরোপণ শেষে বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থ প্রজন্ম গঠনের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও অপরিহার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সামছুল আলম (শিবলী)। প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের পাস্ট সেক্রেটারি আরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ড. মো. তৌহিদুল ইসলাম, সহযোগী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’র প্রেসিডেন্ট সাকিব খান, ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ইয়াতিম শিশুদের হাতে চারা তুলে দেওয়া কেবল প্রতীকী উদ্যোগ নয়, বরং তাদের জীবনে সবুজের ছোঁয়া এনে দেওয়ার এক মানবিক প্রয়াস।
জানা যায়, “ট্রিজ ফর লাইফ” কর্মসূচির আওতায় সারাদেশে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় রোটারি ক্লাবের পক্ষ থেকে ৩৫ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে।
পরিবেশবান্ধব এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।