লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর)
সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ৩নং ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে ডিক্রীর বন্দ এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ পথসভায় অংশ নিয়ে প্রার্থীর বক্তব্য শোনেন এবং কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
পথসভায় ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছে। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই পারে দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে।
তিনি আরও বলেন, সরিষাবাড়ীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সংসদ সদস্য হিসেবে কাজ করতে চান। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
পথসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।