মনোহরদী নরসিংদী প্রতিনিধি:
পবিত্র আশুরা উপলক্ষে শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে নরসিংদীর মনোহরদিতে মনোহরদী, বেলাবো, শিবপুর ও কাপাসিয়া উপজেলার তরীকত পন্থীদের উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর মনোহরদী সরকারি কলেজ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে র্যালিটি শুরু হয়। সকাল থেকেই পার্শ্ববর্তী উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত তরীকাপন্থী মুসলিম নর নারী সেখানে সমবেত হন।
এ সময় মোঃ জামাল উদ্দিনের সভাপতিতে এবং মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মমতাজ উদ্দিনের সার্বিক দায়িত্বে, ও মোঃ শহীদুল্লাহ খলিফার নেতৃত্বে র্যালি’টি মনোহরদী সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে মনোহরদী অডিটোরিয়াম হয়ে উপজেলা গেইটের সম্মুখ দিয়ে বাজার ও থানা পার হয়ে বাসস্ট্যান্ড দিয়ে জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীদের অধিকাংশকে মাথায় লাল কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়। তাদের হাতে ছিল শোকের প্রতীক আলাম, বিভিন্ন ধরনের পতাকা ও নিশানসহ ঐতিহ্যবাহী প্রতীকী সামগ্রী। মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী।
পরে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাই আছাদ নগর অলিয়ে কামেল হরযত মাওঃ মোঃ মোজাফফর হোসেন (রহঃ) উরুফে পাগলা মৌলভী সাহেবের মাকসুদে মঞ্জিল রওজা শরীফে জুম্মার নামাজ আদায় করেন। শেষে উপস্থিত সবাই মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন। এ সময় রওজা শরীফের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ খলিফার নেতৃত্বে মোনাজাত পরিচালনা করেন, উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম।
উল্লেখ্য ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ ‘আশুরা’ হিসেবে পালিত হয়। আরবি ‘আশারা’ শব্দের অর্থ ‘দশ’, আর ‘আশুরা’ অর্থ মহররমের দশম দিন।
ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। কারবালার এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও মানবতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।