এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। ২ আগস্ট রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র মারফত তা জানানো হয়েছে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ড. এ এইচ এম ফজলে রাব্বী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়। পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এবং সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার জানান, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন। একই দিনে দেশব্যাপী একযোগে স্থানীয় পর্যায়েও এই টুর্নামেন্টের কার্যক্রম শুরু হবে। তা পরিবর্তন করে ২০২৬ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে উদ্বোধনের চূড়ান্ত তারিখ এবং প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আকস্মিকভাবে উদ্বোধনের সময়সূচি পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জাতীয় পর্যায়ে মোট ৩২টি দল অংশ নেবে (মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বালক ও বালিকা দল)। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা পরিচালনা ও সুষ্ঠুভাবে সংগঠন করার জন্য নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক সকল কাগজপত্র সংযুক্ত করে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্র সহ ফুটবল টিম গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জমা দিতে হবে। উপজেলা পর্যায়ের বিজয়ী দলের সকল কাগজপত্র জেলা পর্যায়ে প্রেরণ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমূহের সহযোগিতায় সার্বিক কার্যক্রম বাস্তবায়িত হবে।
এবিষয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের যোগ্যতা, খেলোয়াড়ের যোগ্যতা, প্রতিযোগিতা পরিচালনা কমিটি, খেলার নিয়ম কানুন, দল গঠন, খেলোয়াড়দের তালিকা, খেলার জার্সি ও বুট, খেলোয়াড় বদল, রেফারি, ফিকচার, খেলার ভেন্যু-তারিখ ও সময়, অংশগ্রহণের ব্যর্থতা, মেডিকেল টিম, শৃঙ্খলা ও আপীল উপ-কমিটি, অভিযোগ-আপত্তি, আপীল, পাতানো খেলা, পুরস্কার, খেলা স্থগিত-পরিত্যক্ত, শৃঙ্খলা সম্পর্কীয় অপরাধ ও শাস্তি সহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইতিমধ্যে প্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সংসদ সদস্য প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।