শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারাদিয়া ইউনিয়নের নারান্দিয়া ও নগরবাড়ী গ্রামের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে থাকায় দুই গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রায় দুই মাস ধরে রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকায় বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়ছেন দুর্বিষহ পরিস্থিতিতে।
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। বছরের পর বছর একই সমস্যার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
জানা গেছে, নারাদিয়া পূর্বপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য দীপেশ চন্দ্র ভৌমিকের বাড়ি থেকে গ্রাম পুলিশ কিসমত মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা বহুদিনের। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে যায়। ফলে দুই গ্রামের শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে নগরবাড়ী, দোলতপুর ও মাইস্তা গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিনই চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
এলাকার একমাত্র সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয়রা নারান্দিয়া বাজার, নারাদিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজ, নারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসাসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। কিন্তু জলাবদ্ধতার কারণে প্রতিদিনই তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
সরেজমিনে দেখা যায়, নারাদিয়া ইউনিয়ন পরিষদের ২নং ও ৫নং ওয়ার্ডের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সংযোগ সড়কটি হাঁটু সমান পানির নিচে ডুবে আছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কটিতে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সংস্কার কাজ না করলে এ দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।
এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।