মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ২০২৫ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নহয়েছে। শনিবার (১ আগস্ট, ২০২৬) নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি জনাব মোহা: আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা পরিচালনা করেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: শফিকুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম লোহানী। অনুষ্ঠানে বক্তারা বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পড়ালেখায় আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।” আলোচনা সভা শেষে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।