মোহাইমিনুল ইসলাম শুভ,মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। হাতে ধানের শীষের প্রতীক, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দেন।
র্যালি শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও মনোহরদী-বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন—
“মনোহরদী-বেলাবোর মাটি বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যারা তালবাহানা করবে, তারা এই দেশের বিশ্বাসঘাতক ও রাজাকার। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা আজও রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলাল, আহসান হাবিব বিপ্লব, বিপি মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল।