শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝগরমান উত্তরপাড়ায় নতুন মসজিদ থেকে সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে সড়কটির বিভিন্ন অংশে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যায়। দীর্ঘদিন পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক সময় মাসের পর মাস সড়কটি পানিতে তলিয়ে থাকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পানি ও কাদার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিশু, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্যের প্রতিও সরেজমিনে এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা শোনার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের দাবি, সংসদ সদস্য নিজে ঘটনাস্থলে এসে সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন এবং এলাকাবাসীর সমস্যার কথা শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে।
এলাকাবাসী জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার, পানি নিষ্কাশন ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।