শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে লুৎফর রহমান মতিনের নাম ঘোষণার পর থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যক্রমে যে নীরবতা দেখা দিয়েছিল, তা ভেঙে গেল মঙ্গলবার (১১ নভেম্বর)। বিকেলে কালিহাতীর রাজনৈতিক অঙ্গন আবারও মুখর হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে।
মনোনয়ন বঞ্চিত বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর উদ্যোগে পারখী ইউনিয়নের বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ধিত সভা। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। চারদিক থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটো বলেন,
কালিহাতীতে বিএনপির নির্বাচনী মাঠ আমরা শেখ হাসিনার আমল থেকেই তৈরি করে রেখেছি। নতুন করে মাঠ তৈরির প্রয়োজন নেই,এই মাঠেই আমরা আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ জয়লাভ করব। কেউ যেন মাঠ তৈরির অজুহাতে দলকে বিভক্ত না করেন।”
তিনি আরও বলেন,দলের তৃণমূলকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য ধারণ করাই এখন আমাদের প্রধান দায়িত্ব।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বেনজির আহমেদ টিটোর এই বর্ধিত সভা কালিহাতী বিএনপিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। নীরব রাজনীতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে মাঠপর্যায়ে দেখা দিয়েছে উদ্দীপনা ও আগ্রহের নবজোয়ার।