সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাঙামাটিতে ৬ নভেম্বর অনুষ্ঠিত তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব তার প্রার্থিতা চূড়ান্ত করে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে মনজিলা ঝুমা স্থানীয় জনগণের উন্নয়নচাহিদা ও প্রত্যাশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মানুষের জীবনমান উন্নয়নই আমার রাজনীতির প্রতিজ্ঞা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তার ঘোষিত অঙ্গীকারে রয়েছে—স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, কর্মমুখী শিক্ষার প্রসার, নারী উদ্যোক্তা বিকাশ এবং যুবসমাজের প্রশিক্ষণসহায়তা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার নেতৃত্ব খাগড়াছড়ি-২৯৮ আসনে নতুন রাজনৈতিক গতিধারা তৈরি করতে পারে।