আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা শাখা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চেরাগআলীস্থ জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান ও মহানগর এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা। সাংবাদিক সমাজের পক্ষ থেকে গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক কালিমুল্লা ইকবাল প্রমুখ মতামত দেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।
জামায়াত নেতা নজরুল ইসলাম বলেন, তাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ, মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিদ্যমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মধ্যম আকারের রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবি জানান তিনি, যাতে ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টন সম্ভব হয়।
অপ-সাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার ওপর জোর দেন বক্তারা। সাংবাদিক নেতৃবৃন্দ জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং জামায়াত নেতারা সাংবাদিকদের গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
সভা শেষে উভয় পক্ষ সাংবাদিকতা পেশার মানোন্নয়ন ও জনস্বার্থে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।