আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
অসাধারণ পেশাদারিত্ব, অদম্য সাহস ও দক্ষতার পরিচয় রেখে দুটি চাঞ্চল্যকর ও সূত্রবিহীন (ক্লুলেস) হত্যা মামলার রহস্য উদঘাটনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন টঙ্গী পূর্ব থানার চৌকস সাব-ইন্সপেক্টর (এসআই) এস এম মেহেদী হাসান।
নবনিযুক্ত পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখযোগ্য যে, এসআই মেহেদী হাসান আলোচিত মুফতি মোহেববুল্লাহ মিয়াজী অপহরণ ঘটনার মূল রহস্য উন্মোচন করেন এবং টঙ্গীর স্টেশন রোডে ফেলে রাখা ব্যাগভর্তি ৮ টুকরো লাশের লোমহর্ষক হত্যাকাণ্ড দ্রুত সময়ের মধ্যে সফলভাবে তদন্ত করে এর মূল কাহিনি প্রকাশ করতে সক্ষম হন।
এই সাফল্য জিএমপি’র অপরাধ দমন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এসআই মেহেদী হাসানের হাতে বিশেষ পুরস্কারটি তুলে দেন।
ওসি ওয়াহিদুজ্জামান বলেন, এসআই মেহেদী হাসান যে নিষ্ঠা, পেশাদারিত্ব ও বুদ্ধিমত্তার সঙ্গে দুটি অত্যন্ত জটিল মামলার রহস্য উদঘাটন করেছেন, তা পুরো বাহিনীর জন্য অনুপ্রেরণা।
এসআই এস এম মেহেদী হাসানের এই স্বীকৃতি ভবিষ্যতে অন্যান্য পুলিশ সদস্যদেরও উৎসাহিত করবে—এমন আশা প্রকাশ করেছেন জিএমপি কর্মকর্তারা।