সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন (রুবেল) অর্ধশতাধিক কর্মী ও সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। ২৩ নভেম্বর সন্ধ্যায় তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান সম্পাদক ও জেলা সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিবির নেতাদের এই সিদ্ধান্ত শুভ বুদ্ধির প্রকাশ এবং তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রুবেল জানান, জামায়াত ও শিবিরের কিছু প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে তিনি সংগঠন থেকে সরে এসেছেন। যোগদানের পর তিনি হুমকির মুখেও পড়েছেন। তিনি বলেন, “দীর্ঘদিন ভুল পথে ছিলাম এবং নানা মামলা-হামলার মুখোমুখি হয়েছি।”
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকে বিজয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং অন্যদেরও ছাত্রদলে যোগদানের আহ্বান জানান। বর্তমানে রুবেল চট্টগ্রামের আইবি-তে অধ্যয়নরত।