আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১ জুন) দুপুরে গাসিক ৫৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অসামান্য দৃষ্টিভঙ্গি আমাদের ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানায়, যেখানে ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য সমন্বিত হয়ে একজাতীয়তার ধারণা প্রতিষ্ঠা করে। বাঙালি জাতির এক চরম ক্রান্তিলগ্নে তাঁর আবির্ভাব হয়েছিল অসীম সাহসিকতা ও প্রজ্ঞা নিয়ে; চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছিল, শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন কেউ ধর্ম বর্ণ কোনোকিছুর দিকে তাকায়নি, তাঁর ঘোষণার সাথে ঐক্যমত পোষণ করে একটি স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে। লাখো শহীদের রক্তের বিনিময়ে তিনি যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা আজও আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। তাঁর নেতৃত্বের সেই সময়ের নিঃস্বার্থ ত্যাগ ও সাহস আমাদের অনুপ্রাণিত করে, যেন তিনি ছিলেন আমাদের আশার আলো—যার সাহস ও নেতৃত্বের কথা জাতির ইতিহাসে চিরকাল অমলিন থাকবে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি দেশের রাজনৈতিক পট পরিবর্তন করে, যেখানে তাঁর মূলমন্ত্র ছিল অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় ঐক্য এবং জনগণের স্বনির্ভরতা অর্জন। তিনি সকল বিভেদের ঊর্ধ্বে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করেন। তাঁর এই অসাধারণ আত্মনিয়োগে জনগণের মধ্যে নতুন একটি বিশ্বাসের সঞ্চার ঘটে। ১৯৮১ সালে শহীদ হওয়ার পরও তাঁর আদর্শ আজও আমাদের মধ্যে বিদ্যমান কারণ তিনি চার বছরের রাষ্ট্র পরিচালনায় আমাদের এগিয়ে দিয়েছেন চার দশকেরও বেশী সময়। তাঁর আদর্শ আজও আমাদের প্রেরণা দেয়, যেন আমরা নিজেদের বাংলাদেশি হিসেবে গর্ব অনুভব করতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর , টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাউদ্দিন, স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, সেলিম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক, রাতুল ভুঁইয়া, যুবদল নেতা আজিজুর রহমান টিপু, বিএনপি নেতা আল আমিন হোসেন, জামাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিফিন সিদ্দিকী বুলবুল প্রমূখ।
সভা শেষে শহীদ জিয়ার মাগফিরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যান চেয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।